মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

প্রাথমিকভাবে জেতার জন্য এগিয়ে রয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। এই নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন ডেমোক্র্যাট প্রার্থী মামদানি জয়ী হলে তিনি শহরটির জন্য ফেডারেল তহবিল সীমিত করে দেবেন।

সোমবার (৩ নভেম্বর) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মমদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন, তবে আমি আমার প্রিয় প্রথম বাড়ি নিউইয়র্কের জন্য ন্যূনতম বাধ্যতামূলক সহায়তা ছাড়া আর কোনো ফেডারেল তহবিল দেব না। কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সাফল্য বা টিকে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে।’

জোহরান মমদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্স জেলার ৩৬তম আসনের প্রতিনিধি এবং একজন ডেমোক্র্যাট সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আবাসন সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ এবং সামাজিক কল্যাণ কর্মসূচির পক্ষে সরব। নিজেকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দিলেও ‘কমিউনিস্ট’ আখ্যা তিনি প্রত্যাখ্যান করেন, যা প্রায়ই তার রক্ষণশীল সমালোচকরা ব্যবহার করেন।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের চূড়ান্ত প্রচারণা চলছে। আগাম ভোট শেষ হয়েছে, আর মঙ্গলবার পাঁচ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার শহরের পরবর্তী মেয়র বেছে নিতে ভোটকেন্দ্রে যাবেন। জরিপে দেখা যাচ্ছে, মমদানি এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে।

২০২১ সালে যৌন হয়রানি কেলেঙ্কারির কারণে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুয়োমো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। কারণ জুন মাসে প্রাইমারিতে তিনি মামদানির কাছে পরাজিত হন।

ট্রাম্প তার সমর্থকদের আহ্বান জানান রিপাবলিকান প্রার্থী স্লিওয়াকে ভোট দিলে তা মামদানির পক্ষেই যাবে। তাই তিনি চান সবাই কুয়োমোকে সমর্থন করুক। তার ভাষায়, ‘আপনি অ্যান্ড্রু কুয়োমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। তাকে ভোট দিন এবং আশা করুন তিনি দারুণ কাজ করবেন।’

গত ২৪ জুন প্রাইমারিতে জয়ের মাধ্যমে মামদানি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে আলোড়ন তোলেন। এরপর থেকেই তিনি প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পেতে শুরু করেন। তাদের মধ্যে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তাছাড়া ক্ষুদ্র দাতাদের কাছ থেকেও ধারাবাহিক আর্থিক সহায়তা পাচ্ছেন তিনি।