সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু।
লিমা সরকার জানিয়েছে, এটি মেক্সিকোর একটি অ-বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেল্লা বলেন, আমরা বিস্ময় ও দুঃখের সঙ্গে জেনেছি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর কথিত ষড়যন্ত্রকারী বেটসি চাভেজকে লিমায় অবস্থিত মেক্সিকো দূতাবাসের বাসভবনে আশ্রয় দেওয়া হয়েছে। এই কারণে পেরু সরকার মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে মেক্সিকোর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
চাভেজের আইনজীবী রাউল নোব্লেসিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানান, তিনি কয়েক দিন ধরে তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনি আরও বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে কোথাও আশ্রয় চেয়েছেন কি না তা জানা যায় নি।
বেটসি চাভেজ ২০২২ সালের নভেম্বরে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সরকারে সংস্কৃতি মন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। সে সময় প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল।
পেদ্রো কাস্তিলো একজন সাবেক গ্রামীণ স্কুলশিক্ষক ও ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে পরিচিত । পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট নামে খ্যাত ছিলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এর জেরে তাকে অভিশংসিত ও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। একই মামলায় চাভেজের বিরুদ্ধেও তদন্ত চলছে।
উল্লেখ্য, কাস্তিলোর অভিশংসনের পর থেকেই পেরু ও মেক্সিকোর সম্পর্ক ক্রমেই অবনতি ঘটছে। ২০২২ সালের ডিসেম্বরে কাস্তিলোর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দেওয়ার পর পেরু মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে।