ইউরোপজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের লিভারপুলে ফেরার আগে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আনফিল্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার প্রথম ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ভাঙচুর করা হয়েছে তার সম্মানে তৈরি করা বিখ্যাত দেয়ালচিত্রটি।
২০১৯ সালে লিভারপুলভিত্তিক জনপ্রিয় পডকাস্ট দ্য অ্যানফিল্ড র্যাপ—এর উদ্যোগে তৈরি এই মুরালটি ছিল ক্লাবের চ্যাম্পিয়নস লিগজয়ী মৌসুমের স্মৃতিচিহ্ন হিসেবে। সাইবিড রোডে অবস্থিত দেয়ালচিত্রটিতে ট্রেন্টের বিখ্যাত নম্বর ৬৬ জার্সি এবং তার একটি উক্তি লেখা ছিল— “আমি শুধু লিভারপুলের এক সাধারণ ছেলে, যার স্বপ্ন আজ সত্যি হয়েছে।”
তবে সেই অনুপ্রেরণাদায়ক শিল্পকর্মেই দেখা গেছে অপ্রীতিকর দৃশ্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, দেয়ালচিত্রটির ওপর সাদা রঙের পেইন্ট ছুড়ে মারা হয়েছে এবং তার ওপর বড় করে লেখা হয়েছে ‘rat’ (ইঁদুর)। এছাড়া স্প্যানিশ ভাষায় লেখা ছিল— “Adios the rat” বা “বিদায়, ইঁদুর।”
এটি গত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রেন্টের মুরাল ভাঙচুরের ঘটনা। এর আগেও তিনি ক্লাব ছাড়ার সময় একইভাবে ‘rat’ শব্দটি লিখে বিকৃত করা হয়েছিল দেয়ালচিত্রটি।
ইংল্যান্ডের এই ডান-ব্যাক লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গ্রীষ্মকালেই যোগ দেন রিয়াল মাদ্রিদে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুইবারের শিরোপাজয়ী এই ফুটবলারকে ঘিরে তখন থেকেই বিতর্ক চলছে, বিশেষ করে তার বিদায়ের ধরন নিয়ে। ফলে আনফিল্ডে ফেরাটা তার জন্য মোটেও সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে।
লিভারপুলের নতুন ম্যানেজার আর্নে স্লট অবশ্য সাবেক সহ-অধিনায়কের প্রতি উষ্ণ শুভেচ্ছাই জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আমি শুধু বলতে পারি, ট্রেন্টের প্রতি আমার মনে সুন্দর স্মৃতি রয়েছে—খেলোয়াড় হিসেবে, মানুষ হিসেবেও। গত মৌসুমে সে ছিল আমার সহ-অধিনায়ক। মাঠে ও মাঠের বাইরে সে সবসময়ই ইতিবাচক প্রভাব ফেলেছে। আমার কাছ থেকে সে উষ্ণ অভ্যর্থনাই পাবে। সমর্থকদের প্রতিক্রিয়া কেমন হবে তা আমি বলতে পারি না, তবে আমার দিক থেকে শুভকামনাই রইল।”
রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে লিভারপুল। ম্যাচটিই হবে আলেকজান্ডার-আর্নল্ডের জন্য আবেগঘন পুনর্মিলন—তবে শুরুটা হলো বিতর্ক আর হতাশা দিয়ে। সোমবার লিভারপুলে এসে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়-কোচ প্রয়াত দিয়েগো জোতার স্মৃতিকে স্মরণে ফুলের তোড়া দিয়েছে অ্যানফিল্ডে।