নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে হাতিয়া কোস্টগার্ড। দেশের মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি জাটকা নিধন রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত হাতিয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনক দুটি ট্রলার তল্লাশি করে প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযান চলাকালীন জাটকা তোলা ট্রলারের প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ করে বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এতে এলাকায় সামাজিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা কোস্টগার্ডের এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং জাটকা সংরক্ষণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রমও জোরদার করা হবে।