কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা জাহান মীম (৫) হত্যায় জড়িত থাকার অভিযোগে তার চাচাতো ভাই ইয়াসিন (১৯)কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। হত্যা কান্ডের ১২ দিন পর সোমবার রাতে বাঙ্গরা বাজার থানার সিমানার পাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ইয়াসিন সিমানার পাড় গ্রামের আবদুর রশিদের ছেলে।
আদিবা জাহান মীম হত্যায় জড়িত আসামী ইয়াসিনকে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, আসামী ইয়াসিন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারার কার্যক্রম অনুযায়ী ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানান বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
জানা যায়, গত ২৪ অক্টোবর বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আদিবা। পরিবারের লোকজন আদিবাকে খুঁজে না পেয়ে পরের দিন আদিবার বাবা বাঙ্গরা বাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার ছয় দিন পর, ৩০ অক্টোবর বিকালে বাড়ির পাশের পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় নিহত আদিবার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, আটক ইয়াসিন নিহত আদিবা জাহান মীমের দাফন-কাফনে অংশগ্রহণ করে। এমনকি গত ৩ নভেম্বর সোমবার আদিবা হত্যার খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে আসামী ইয়াসিন নিজেও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে।
এলাকাবাসী এমন ভয়ঙ্কর অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।