বাগেরহাটের রামপালে অজ্ঞাত যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রেখেছে।
নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের আব্বাস আলী ইজারাদারের ছেলে জমির ইজারাদার ওরফে জমির মাস্টার (৬০), একই গ্রামের মনীন্দ্র হালদারের ছেলে হরিপদ হালদার (৫৫), ও শাহ আলী শেখের ছেলে মিজান শেখ (৫৫)।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘মঙ্গলবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রীজের উপর একটি মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতির বাস বা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মোটারসাইকেল আরোহীরা বাগেরহাটে কাজ শেষে করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তাদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনাটি অন্ধকারের মধ্যে হওয়ায় স্থানীয়রা দ্রুতগতির ওই যানটিকে শনাক্ত করতে পারেনি। যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’