নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৮

নরসিংদীর চরাঞ্চল চরদীঘলদীতে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ঘাটের খেয়া পারাপারে অতিরিক্ত টোল আদায়ের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন: শাহীন মিয়া (৩০), আশরাফুল মিয়া (২৮), শফিকুল ইসলাম (৫৫), কবির মিয়া (৪৫), আলমগীর মিয়া (৫২), জুনায়েদ মিয়া (১৬), কাদির (৪৫) ও ডলি আক্তার (৩৫)। আহতদের সবাই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খেয়া পারাপারে অতিরিক্ত টোল আদায় নিয়ে স্থানীয় শহিদ মিয়া ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল সোমবার দুপক্ষ সংঘর্ষে জড়ানোর পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে পুনরায় টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে কয়েকজন টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, টেঁটাবিদ্ধসহ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খেয়াঘাটকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।