আল্লাহর সন্তুষ্টি অর্জনের ৭ উপায়

আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের লক্ষ। এই সন্তুষ্টিই জান্নাতের চাবিকাঠি এবং চিরস্থায়ী সফলতার নিশ্চয়তা। আল্লাহর সন্তুষ্টি লাভ মানে তার অনুগ্রহ ও ভালোবাসায় সিক্ত হওয়া, যা দুনিয়া ও আখেরাতে প্রশান্তি এনে দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের সাতটি উপায় উল্লেখ করা হলো।

আল্লাহর নির্দেশ পালন : আল্লাহর আদেশ-নিষেধ পালনে কোনো অলসতা করা উচিত নয়। মুসা (আ.) বলেছিলেন, ‘হে আমার রব, আমি তাড়াতাড়ি তোমার দিকে এসেছি যাতে তুমি সন্তুষ্ট হও।’ (সুরা তাহা ৮৪)

আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা : মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজেকে বিক্রি করে দেয়, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।’ (সুরা বাকারা ২০৭) নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া। এর ফলে বান্দার জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে।

নেতিবাচক আচরণ পরিহার : ইসা ইবনে মারিয়াম (আ.)-কে ইয়াহিয়া ইবনে জাকারিয়া (আ.) জিজ্ঞাসা করেছিলেন, ‘কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায়?’ ইসা (আ.) বলেন, ‘রাগ করো না।’ তিনি আরও বলেন, রাগের উৎস হলো অহংকার, আত্মম্ভরিতা ও বড়াই। (আল-জামি ৯৮)

নেয়ামতের শুকরিয়া আদায় : রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হন যখন সে খাবার খায় এবং তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে অথবা এক ঢোক পানি পান করে এবং সেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে।’ (সহিহ মুসলিম) এই হাদিস থেকে বোঝা যায়, ছোট ছোট নেয়ামতের শুকরিয়া আদায় করাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।

অল্পে তুষ্ট থাকা : মালিক ইবনে দিনার ও মুহাম্মদ ইবনে ওয়াসি জীবনযাত্রা নিয়ে আলোচনা করছিলেন। মালিক বললেন, ‘একজন মানুষের জন্য সবচেয়ে ভালো হলো তার জন্য যথেষ্ট আয় থাকা।’ মুহাম্মদ ইবনে ওয়াসি বললেন, ‘ধন্য সেই ব্যক্তি, যে দুপুরের খাবার পায় কিন্তু রাতের খাবার পায় না, অথবা রাতের খাবার পায় কিন্তু দুপুরের খাবার পায় না, তবুও সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে।’ (আর-রিদা আন আল্লাহ বিকাদায়িহি ৫৫) এটি দারিদ্র্যের প্রশংসা নয়, বরং অল্পে সন্তুষ্ট থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান।

হালাল উপার্জন করা : একটি হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য ক্লান্ত হয়ে রাত্রি যাপন করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন।’ (ইসলাহুল মাল ৭৮)

পিতামাতার সন্তুষ্টি : রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে।’ (বায়হাকি) পিতামাতার দোয়া ও সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লেখক : ধর্মীয় নিবন্ধকার