বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে অংশ নেবে পাঁচটি দল। গুলশানের নাভানা টাওয়ারে মঙ্গলবার অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস আগের মতোই রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি গেছে নাবিল গ্রুপের হাতে, সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি, আর চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, “অর্থনৈতিক স্বচ্ছতা, অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনার সক্ষমতা বিবেচনা করেই পাঁচটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে।”
আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হচ্ছে। তবে প্রতিটি দলকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে, না হলে তারা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।
বিপিএলের এবারের মৌসুম মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫, আর ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি ২০২৬। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মালিকানা পেলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগের নাম পরিবর্তন করতে পারবে না, তবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম নিয়ে আলোচনা চলমান।
জানা গেছে, রংপুর দল আগের মতোই “রাইডার্স” নাম ধরে রাখবে, ঢাকার নামও থাকতে পারে “ঢাকা ক্যাপিটালস”। তবে বদলে যেতে পারে বাকি তিন দলের নাম। আলোচনায় আছে চিটাগং বুলস, রাজশাহী স্টারস, এবং সিলেট ইউনাইটেড নামগুলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি মাথায় রেখে বিপিএলের সূচি তৈরি করা হয়েছে। নতুন এই আয়োজনকে সামনে রেখে দলগুলো এখন ড্রাফট প্রস্তুতিতে ব্যস্ত।