গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ডিএনসিসি হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ৯২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে এক হাজার ৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে মোট ৭০ হাজার ৫২৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গতকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিন হাজার ১০২ জন।