ম্যানচেস্টার সিটির ‘গোলমেশিন’ খ্যাত নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, তিনি এখনও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছাননি। নিজের বর্তমান সাফল্য সত্ত্বেও এ দুজনের গোলসংখ্যা ও অর্জনের তুলনায় নিজেকে অনেক পিছিয়ে বলেই মনে করেন তিনি।
২৫ বছর বয়সী হালান্ড এ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ইতোমধ্যে ২৬ গোল করেছেন। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৩২৭টি। কিন্তু তুলনায় আর্জেন্টাইন কিংবদন্তি মেসির গোল এখন ৮৯২। অন্যদিকে পর্তুগিজ মহাতারকা রোনালদোর গোল ৯৫২। তিনি ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার মিশনে আছেন।
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটির হয়ে ৫৬ গোল করে নজর কাড়েন হালান্ড। এবারও ধারাবাহিকভাবে গোল করে তিনি আরও বড় সংখ্যার দিকে এগোচ্ছেন। মেসি-রোনালদোর সঙ্গে নিজেকে তুলনা করা নিয়ে প্রশ্ন শুনে হালান্ড সরাসরি বলেন, ‘না, মোটেও না। আমি এখনো অনেক পিছিয়ে। কেউই ওই দুজনের কাছাকাছি যেতে পারবে না।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ১০৭ ম্যাচে হালান্ডের গোলসংখ্যা এখন ৯৮। দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখনো অ্যালান শিয়ারারের (১২৪ ম্যাচ) দখলে। তবে হালান্ডের জন্য সেটা ভেঙে দেওয়া স্রেফ সময়ের ব্যাপার। তবে এ নিয়েও খুব রোমাঞ্চিত নন হালান্ড, ‘রেকর্ড নিয়ে ভাবা আমার কাজ না। আমার লক্ষ্য শুধু দলকে জেতানো। এগুলো ভাবলে খেলার প্রভাব পড়ে।’
জাতীয় দলের হয়ে হালান্ডের লক্ষ্য আরও বড়। নরওয়ে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ১৯৯৮ সালে—যা হালান্ডের জন্মেরও আগে। এবার সেই ইতিহাস বদলাতে চান তিনি। নরওয়েকে বিশ্বকাপে নেওয়াই তার মৌলিক লক্ষ্য, ‘আমার প্রধান লক্ষ্য নরওয়েকে বিশ্বকাপ ও ইউরোতে নেওয়া। এবার আমাদের সুযোগ আছে, এবং তা কাজে লাগাতেই হবে।’