অভিযোগ করবে ভারত; নাকভি আইসিসির সভায় থাকবেন তো?

এশিয়া কাপের ট্রফি হস্তান্তরকে কেন্দ্র করে ভারত ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যে কথার লড়াই চলছে। বিষয়টি নিষ্পত্তি করতে আসন্ন আইসিসির সভায় অভিযোগ করার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার জানা গেল, এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি সম্ভবত সেই সভায় থাকবেন না।

‘টেলিগ্রাফ ইন্ডিয়া’ সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, ‘দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের কারণে’ নাকভির হয়তো আইসিসির সভায় নাও থাকতে পারেন। তবে কী সেই রাজনৈতিক কারণ- সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং গত বছর জয় শাহ আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আইসিসি বৈঠকে উপস্থিত হননি।

পিসিবি সূত্রের মতে, নাকভি যদি দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসি সভায় না যেতে পারেন, তবে বোর্ডের চিফ অপারেটিং অফিসার সুমাইর সৈয়দ পাকিস্তানের পক্ষে ৭ নভেম্বরের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া ভার্চুয়ালি আইসিসির সভায় যোগ দিতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে নাকভির হাত থেকে সূর্যকুমার যাদবরা শিরোপা নিতে অস্বীকার করায় সেটি বর্তমানে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে পড়ে আছে। নাকভি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, ১০ নভেম্বর অনুষ্ঠান করে ট্রফি শুধু তার হাতে বিসিসিআই প্রতিনিধি বা ভারতীয় দলের কোনো সদস্যকে প্রদান করা হবে।

তবে ভারত এই প্রস্তাবে সম্মত নয়। বিসিসিআই ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চিঠি পাঠিয়ে ট্রফি মুম্বাইতে পাঠানোর অনুরোধ জানিয়েছে। তবে নাকভি এটিকে সরাসরি তার অনুমোদন ছাড়া ভারতের হাতে হস্তান্তর করতে নিষেধ করেছেন। এবারের আইসিসির সভায় এশিয়া কাপ ট্রফি বিতর্ক এবং পাকিস্তান ও ভারতের ক্রিকেট সংক্রান্ত অন্যান্য বিষয় আলোচনার প্রধান এজেন্ডা হিসেবে বিবেচিত হচ্ছে।