অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াড ঘোষণা; ওপেনিংয়ে নতুন মুখ

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এতে ডাক পেয়েছে চলতি ঘরোয়া মৌসুমে দারুণ ফর্মে থাকা ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে তার অভিষেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, শেফিল্ড শিল্ডে গত দেড় থেকে দুই মৌসুমে ওয়েদারাল্ডের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে স্কোয়াডে এনেছে। তার ভাষায়, ‘ওয়েদারাল্ডের ব্যাটিং স্টাইল এবং ইনিংস গড়ার মানসিকতা দলে ভারসাম্য আনবে।’

ওয়েদারাল্ড প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৩৮ গড়ে রান করেছেন এবং চলতি শিল্ড মৌসুমে তিন ম্যাচে তিনটি ফিফটি করেছেন। এছাড়া দলে ফিরেছেন মিডল-অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। তাকে ওপেনিংয়ে তোলার সম্ভাবনাও উড়িয়ে দেননি বেইলি, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়ার পর সে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছে।’

চোট থেকে ফেরা অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন পুরোপুরি বোলিং করতে পারবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। খুব প্রয়োজন হলে তাকে শুধু ব্যাটার হিসেবেও ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরি থেকে সেরে উঠার প্রক্রিয়ায় থাকায় প্রথম টেস্টে নেতৃত্বে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে। এছাড়া পেস বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেট।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।