আফগানিস্তান ১০২ রানে হারালো বাংলাদেশকে

আজ বুধবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচে আফগানদের দেওয়া ২৭৬ রানের বড় লক্ষ্য তাড়ায় ৪৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৯৩ রানের জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। তবে এ দুজনের বিদায়ের পরই অবিশ্বাস্যভাবে ধসে পড়ে বাংলাদেশ যুব দলের ব্যাটিং। ৩৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০২ রানের ব্যবধানে হেরেছে।

ম্যাচে আগে ব্যাট করা আফগানিস্তান লড়াইয়ের ভালো পুঁজি পায় অধিনায়ক মাহবুব খানের অপরাজিত ৬৮ রানে। এ ছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৩১ এবং ওসমান সাদাত করেন ২৬ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও আল ফাহাদ।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার রিফাত বেগের উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার জাওয়াদ আবরার ২৫ এবং অধিনায়ক তামিম আউট হন ৯ রান করে।

চতুর্থ উইকেট জুটিতে কালাম ও রিজান দলকে বিপদ থেকে টেনে তোলেন। ৫০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৩ রানে রিজানের বিদায়ে সেই জুটি ভাঙে। সেখান থেকেই অবিশ্বাস্য ব্যাটিং ধস শুরু হয়।

কালাম একপ্রান্ত আগলে রাখলেও, অন্য প্রান্তে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। ৭৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রান করেছেন কালাম। কালাম-রিজান ও জাওয়াদ ছাড়াই আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেননি।

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আল ফাহাদ। বাংলাদেশ থামে ১৭৩ রানে।

সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সিরিজের চতুর্থ ওয়ানডে আগামী শুক্রবার।