জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের খালাস দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৯ পৃষ্ঠার এ রায়টি প্রকাশিত হয়। গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ রায় দেয়। পূর্ণাঙ্গ রায়ে সর্বোচ্চ আদালত বলেছে, ‘এই মামলার বিষয়বস্তু কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান, যা বিদ্বেষমূলক।’ রায়ে আদালত বলেছে, এ মামলায় যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও এ রায় প্রযোজ্য হবে।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এ মামলাটি করে দুদক।