মুনাফায় যুক্তরাষ্ট্র থেকে পিছিয়ে চীনের এআই স্টার্টআপ

বিশ্বের শীর্ষ ১০০টি এআই অ্যাপের মধ্যে মাত্র চারটি চীনা এআই অ্যাপ স্থান পেয়েছে। এই চারটি চীনা অ্যাপ হলো গ্লোরিটি, প্লাউড, বাইটড্যান্স এবং জুয়েবাং। এদের সম্মিলিত আয় প্রায় ৪৪৭ মিলিয়ন মার্কিন ডলার। এই সংখ্যা চীন এবং মার্কিন ডেভেলপারদের মধ্যে ফারাক স্পষ্টভাবে তুলে ধরেছে।  

গত সপ্তাহে গবেষণা প্রতিষ্ঠান ইউনিক রিসার্চ ও সান ফ্রান্সিসকোভিত্তিক কনসালটেন্সি টেক বাজ চায়না যৌথভাবে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত বিশ্বের শীর্ষ ১০০টি ব্যক্তিগত কোম্পানির এআই অ্যাপের মধ্যে মাত্র চারটি চীনা। এদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে গ্লোরিটি, যা জনপ্রিয় প্ল্যান্ট-আইডেন্টিফিকেশন অ্যাপ পিকচারদিস তৈরি করেছে। গ্লোরিটি ২০তম স্থানে থেকে প্রায় ১৭৩ মিলিয়ন ডলার বার্ষিক রাজস্ব আয় করেছে। তুলনমূলকভাবে মার্কিন সংস্থা ওপেনএআই ও অ্যান্থ্রপিক যথাক্রমে প্রায় ১৭ বিলিয়ন এবং ৭ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করেছে।  

বিশেষজ্ঞরা বলছেন, চীনের এআই স্টার্টআপগুলোর পিছিয়ে থাকার মূল কারণ হলো দেশটির কাঠামোগত চ্যালেঞ্জ। এখানে স্টার্টআপগুলো প্রায়ই স্বল্পমেয়াদী অভ্যন্তরীণ প্রকল্পের ওপর নির্ভরশীল এবং তহবিল সংগ্রহে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। ফলে অনেক প্রতিষ্ঠান বৃদ্ধির জন্য বিদেশি বাজারের দিকে ঝুঁকছে। বর্তমানে শীর্ষ ২৩টি চীনা এআই অ্যাপের ১৯টির আয়ের বড় অংশই আন্তর্জাতিক বাজার থেকে আসে।