এমিরেটস এয়ারলাইন এবং ডানাটাসহ অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘এমিরেটস গ্রুপ’ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (১ এপ্রিল-৩০ সেপ্টেম্বর) রেকর্ড ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স পূর্ববর্তী মুনাফা অর্জন করেছে। এনিয়ে টানা চতুর্থবার গ্রুপটি অর্ধবার্ষিক মূনাফায় রেকর্ড স্থাপন করল। গ্রুপের ট্যাক্স পরবর্তী মূনাফা গতবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে। এ সময় গ্রুপের রাজস্ব আয় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুমের মতে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদা এবং এমিরেটসের পন্য ও সেবা নিয়ে গ্রাহকদের আগ্রহ এই রাজস্ব ও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তার মতে কিছু মার্কেটে ভূ-রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং অর্থনৈতিক উদ্বেগ সত্বেও বিশ্বের আকাশভ্রমণ এবং পরিবহন সেবার ক্ষেত্রে চাহিদা ছিল উর্ধমূখী। তিনি আশা প্রকাশ করেন ২০২৫-২৬ অর্থবছরের বাকী সময়ও এই ধারা অব্যহত থাকবে এবং এমিরেটস এই প্রেক্ষিতে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব বহরে নতুন এয়ারবাস এ৩৮০ যুক্ত করার মাধ্যমে ক্যাপাসিটি বৃদ্ধি এবং ডানাটা’র নতুন বিভিন্ন সেবা কার্যক্রম চালু করবে।
এমিরেটস এয়ারলাইন প্রথম অর্ধবছরে রেকর্ড মূনাফা অর্জনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে লাভজনক বিমানসংস্থা হিসেবে নিজের স্থানকে আরো সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। এসময় এয়ারলাইনটি ৩.১ বিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স পূর্ববর্তী রেকর্ড মূনাফা অর্জন করেছে, যা গতবছর একই সময় ছিল ২.৬ বিলিয়ন মার্কিন ডলার। এয়ারলাইনটির ট্যাক্স পরবর্তী মূনাফা গতবছর একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এসময় এমিরেটসের অন্যান্য অপারেটিং আয়সহ রাজস্ব আয় ছিল ১৭.৯ বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বেশি।
এমিরেটসের পন্য পরিবহন শাখা- এমিরেটস স্কাইকার্গো এসময় কালে ১.২৫ মিলিয়ন টন কার্গো পরিবহন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।
এমিরেটস গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান ডানাটা এসময় কালে বিশ্বব্যাপী তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারন করেছে। প্রথমবারের মতো তাদের অর্ধবার্ষিক আয় ৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। সংস্থাটি ট্যাক্স পূর্ববর্তী মূনাফা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ট্যাক্স পরবর্তী মূনাফা ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার।
বর্তমানে এমিরেটস গ্রুপে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর তথ্য অনুযায়ী ১২৪,৯২৭ জন কর্মরত আছেন। প্রথম ছয় মাসে এমপ্লয়ী সংখ্যা ৩শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমিরেটস এয়ারলাইন এবং ডানাটা তাদের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিশ্বব্যাপী তাদের নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে।