ইউরোপিয়ান ইউনিভার্সিটির সংযোগ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এর সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগণের যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হল।

বিশ্ববিদ্যালয়ের এই সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ফারহাদ খান এর দূরদর্শী নেতৃত্বে। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষার মানোন্নয়নেই নয়, অবকাঠামোগত উন্নয়নেও একের পর এক মাইলফলক স্থাপন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা জাগলুল পাশা পাপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম মরতুজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও  কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংযোগ সড়কটি নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।

তারা আরও বলেন, ইইউবি বরাবরই মানসম্মত উচ্চশিক্ষা ও উন্নত অবকাঠামো গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় মহাসড়কের সঙ্গে এই সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পটি সেই ধারাবাহিক উন্নয়নেরই অংশ।

অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ নবনির্মিত সড়ক পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এই উদ্যোগ শুধু একটি সড়ক নির্মাণ নয়। এটি উন্নয়ন, আধুনিকতা ও গৌরবের পথে এক নতুন মাইলফলক।