বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা একে স্বাগত জানিয়েছি। কিন্তু এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে। কেউ পিআর ব্যবস্থা চাচ্ছে, কিন্তু কেন লাগবে তা ব্যাখ্যা করছে না। পিআর হলে এমনও সময় আসতে পারে যে, এ দেশে কোনও সরকার গঠনই হবে না।
আজ বৃহস্পতিবার বনানীর শেরাটন হোটেলের হলরুমে ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ বলেন, যদি ভোটের হারে পার্লামেন্টের সদস্য নির্ধারিত হয় এবং কোনও দল ৪০ শতাংশ ভোট পায়, দেখা যাবে তাদের আসন হবে মাত্র ১২০টি- তাহলে তো সরকার গঠন করা সম্ভব হবে না। অথচ অতীতে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেয়ে সরকার গঠিত হয়েছে। কারণ সংখ্যাগরিষ্ঠ আসন যে দল পেয়েছে, সেই দলই সরকার গঠন করেছে।
পিআরের সমস্যা তুলে ধরে তিনি বলেন, প্রথমত, পিআর হলে সরকার গঠনে জটিলতা সৃষ্টি হবে। দ্বিতীয়ত, জনগণের প্রকৃত গণতান্ত্রিক চয়েস বা পছন্দ সেখানে প্রতিফলিত হবে না। জনগণের ভোটে কে এমপি হবে, সেটি নির্ধারণ হবে না।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং আমাদের দেয়া প্রথম ২৭ দফার সমন্বয়ে এই ৩১ দফাকে একত্রিত করা হয়েছে। তো সংস্কার আমরা চাই না- এ কথা বলে কেউ কেউ এখন অপপ্রচার করছে। কিন্তু প্রশ্ন হলো, সংস্কার কারা চেয়েছে? আমরাই চেয়েছি।