শ্বশুরবাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে জামাইয়ের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাসান মাহমুদ নিরব (২২) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী লালপুর উপজেলার তেনাচুরা কামারহাটি আব্দুলপুর এলাকায় শ্বশুর তৈয়ব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিরব বাগাতিপাড়া উপজেলার খাটখৈইড় গ্রামের রফিকুল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির ছেলে। চার মাস আগে তিনি একই উপজেলার তেনাচুরা কামারহাটি এলাকার মীম আক্তারকে (১৮) বিবাহ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে নিরব শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনার সময় শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা দাওয়াতে বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন শুধু নিরব ও তার স্ত্রী। স্ত্রী বাড়ির বাইরে কাজ করছিলেন এবং নিরব ঘরের ভেতরে ছিলেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা বন্ধ দেখতে পান।

প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখা যায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে নিরব। পরে দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমাইল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।