দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল আটক, কারাদণ্ড

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে তা‌কে ওই কারাদণ্ড প্রদান করেন। সে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. আক্তার হোসেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভা‌গি‌য়ে নি‌য়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিল। এতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হচ্ছিল। 

বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগে দালালি করতে দেখে কমপ্লেক্স থে‌কে বের হয়ে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওই দালাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মহিবুস সালাম খান এর উপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় দালালকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার বিষয়ে ডা. মহিবুস সালাম খান বলেন, জরুরি বিভাগে দালাল দেখতে পেয়ে আমি তাকে বের হতে বলি। কিন্তু সে না গিয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আমাকে আক্রমণ করে। এতে আমার গায়ের শার্ট ছিঁড়ে যায়। 

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অপরাধে আক্তার হোসেনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।