মঞ্চে উঠছে নতুন দুই নাটক

শীত শুরু হওয়ার অনেক আগে থেকেই জমে উঠেছে মঞ্চপাড়া। প্রায় প্রতিদিনই একাধিক নাটকের প্রদর্শনী ও শিল্পীদের পদচারণায় মুখর থাকছে শিল্পকলা একাডেমি, মহিলা সমিতিসহ রাজধানীর বিভিন্ন মিলনায়তন। পাশাপাশি নতুন নতুন নাটকও তোলা হচ্ছে মঞ্চে। একই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ নাটকটির। আরব্য রজনীর গল্পের সেই রোমাঞ্চকর অভিযানের কথা শৈশবে অনেকে শুনেছেন বা পড়েছেন। সেই গল্পের ছায়া ধরে দারুণ একটি নাটক উঠতে যাচ্ছে ঢাকার মঞ্চে। নাটকটি পরদিন রবিবারও একই ভেন্যু ও সময়ে প্রদর্শিত হবে। এটি তাদের ৪৫তম প্রযোজনা। নাটকটির নাট্যরূপ করেছেন উম্মে হানী, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। অভিনয় করেছেন শরীফুল ইসলাম সাফি, মেঘা ঘোষ, সৈয়দা শামছি আরা সায়েকা, জিয়াউল হক, জিনিয়া আজাদ, শাখাওয়াত হোসেন শিমুল, হাসিনা আকতার নিপা, জাবেদ পাটওয়ারী, ইব্রাহিম খলিল, নূর-ই-আলম সুমন, নুরুন্নাহার পাপিয়া, কামরুননেসা দোলন, তন্ময় বিশ্বাস, এস এম লিমন, নুসরাত জাহান বন্যা, বর্ষা ঘোষ, সবুজ খান, তপু চন্দ্র দাস, সাব্বির আহমেদ প্রমুখ।

এ ছাড়া প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ‘ইডিপাস’ আবারও মঞ্চে আসছে নাট্যসংগঠন দৃশ্যকাব্য থিয়েটারের নতুন প্রযোজনায়। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আজ বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায় একই স্থানে আরও দুটি প্রদর্শনী শুরু হবে।