৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কারে কাজ করতে চাই : স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়া নিয়ে বলেছেন, ‘৩১ দফায় রাষ্ট্র মেরামতের অনেক বিষয় রয়েছে, যা নিয়ে কাজ করতে আগ্রহী। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিএনপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি। গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ নেন স্নিগ্ধ।

স্নিগ্ধ বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া দলের রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেক জায়গা আছে, যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি।

স্নিগ্ধ আরও বলেন, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার। জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা উচিত সব রাজনৈতিক পরিসরে। তাই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। এতে জুলাইয়ের ঐক্য শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে।

তিনি বলেন, আমি সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থি সবার সঙ্গে কাজ করে যেতে চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার রাজনৈতিক আকাক্সক্ষার অন্যতম লক্ষ্য। আমার এই পথচলাই সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ জনমানুষের সব সংগ্রাম চির অমøান হোক।