ঋণের নামে সাড়ে আটশ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
দুদকের তথ্যমতে, এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান ও এমডিসহ ২১ জনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামির তালিকায় ফিরোজ হোসেন ছাড়াও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী পরিচালক নাসরিন ইসলাম রয়েছেন। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাব্বির ফয়েজ আসামি ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মদিনা ডেটস অ্যান্ড নাটস নামের প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোজাম্মেল হোসাইন অসৎ উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখায় ঋণ চেয়ে আবেদন করেন। ঋণ অনুমোদনের সময় ব্যাংকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশ করে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়ম ভঙ্গ করে ওই ঋণ অনুমোদন করে, যা পরে খেলাপি হয়ে যায়, ফলে ব্যাংকটি বিপুল অর্থ ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়। তাদের এই কার্যক্রম দণ্ডবিধির ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় মামলাটি করা হয়।