ইনোভেশন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড গ্রুপ

দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ এশিয়ান ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ বিতরণকারী ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। এটি ইউনাইটেড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। ‘বাংলাদেশ অপারেশনাল ইনোভেশন অব দ্য ইয়ার এনার্জি’ নামে পুরস্কারটি প্রদান করা হয়েছে এই প্রতিষ্ঠানকে।

সম্প্রতি এশিয়ান বিজনেস রিভিউ সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজন করে এশিয়ান ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শীষ স্বপ্নিক এই পুরস্কারটি গ্রহণ করেন। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন আন্তর্জাতিক মর্যাদা এনে দিয়েছে ইউনাইটেড গ্রুপ।

জানা যায়, দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় তাদের উদ্ভাবনী, দক্ষ এবং প্রযুক্তি-সমৃদ্ধ পরিচালনাগত সক্ষমতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাটি দেওয়া হয়েছে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ইউপিজিডিসিএলকে। বাংলাদেশের টেকসই ও অত্যাধুনিক শক্তি-ব্যবস্থাপনা বাস্তবায়নের ক্রমবর্ধমান দক্ষতাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরে এ অর্জন।

এশিয়ান বিজনেস রিভিউ আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান এশিয়া জুড়ে উদ্ভাবন, রূপান্তর এবং নেতৃত্বের মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে থাকে।

শীষ স্বপ্নিক বলেন, এই সাফল্য পুরো ইউনাইটেড পাওয়ার পরিবারের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল। উদ্ভাবন ও দক্ষতার প্রতি তাদের অঙ্গীকারই বাংলাদেশের জ¦ালানি খাতকে আরও শক্তিশালী করে তুলছে। একটি স্থানীয় কাজ যখন বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি পায় এটি নিঃসন্দেহে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।