বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুটি বাণিজ্য সংগঠনের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার করা, সম্পর্ককে সুদৃঢ় করা এবং পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধিও জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ চুক্তি করা হয়েছে। এ ছাড়া কানাডায়ও বাংলাদেশের রপ্তানি বাড়াতে এই চুক্তি ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিএমইএ। গতকাল বৃহস্পতিবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএ এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সভাপতি মাহমুদ হাসান খান এবং বিবিসিসি এর পক্ষে স্বাক্ষর করেন সভাপতি আলমগীর এম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিমসহ আরও অনেকে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিজিএমইএ এবং বিবিসিসি এর সদস্যদের পারস্পরিক সুবিধা প্রদানের জন্য একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা হয়েছে যা মূলত বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে উন্নত সহযোগিতা নিশ্চিত করবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বিবিসিসি এর সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর কানাডা ও উত্তর আমেরিকার বাজারে আমাদের শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়ক হবে। আমাদের লক্ষ্য হলো উন্নত বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা।’
জানা গেছে, এই চুক্তির আওতায় কানাডা ও বাংলাদেশে যৌথভাবে বাণিজ্য মেলা, প্রদর্শনীর আয়োজন করা ও ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো হবে। একই সাথে, কানাডা ও উত্তর আমেরিকায় বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচারণায় সহায়তা করা। এ ছাড়া পোশাক, টেক্সটাইল ও সংশ্লিষ্ট খাতে কানাডা ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগের সুযোগ তৈরি করা এবং সদস্যদের মধ্যে অংশীদারত্ব, যৌথ উদ্যোগ ও সহযোগিতা উৎসাহিত করা।
বিজিএমইএর সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবায় চুক্তি
এ ছাড়া বিজিএমইএ তাদের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা চালু করেছে। এ লক্ষ্যে বিজিএমইএ ৯টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বিজিএমইএ তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশে উন্নত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ পদক্ষেপ নিয়েছে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিজিএমইএ এর সংশ্লিষ্টরা বিশেষ ছাড়কৃত মূল্যে (ডিকাউন্ট রেট) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন।