তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদার করতে চলমান আলোচনার মধ্যেই আফগান ভূখণ্ডে নতুন করে হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আফগান সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।
তাদের ভাষ্যমতে, পাকিস্তানি সেনারা সীমান্ত সংলগ্ন বেসামরিক এলাকাগুলোতে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে টানা ১০ থেকে ১৫ মিনিট গোলাবর্ষণ চালায়। তবে এখন পর্যন্ত আফগান বাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা বিবেচনায় আমরা এখনো জবাব দিইনি।”
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, অক্টোবরের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্তে তীব্র সংঘর্ষে প্রায় ৭০ জন নিহত হয়, যার মধ্যে অন্তত ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক—এ তথ্য জানিয়েছিল জাতিসংঘ। সাম্প্রতিক বছরগুলোতে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত এলাকায় জঙ্গি হামলা, পাল্টা অভিযান এবং পারস্পরিক অভিযোগে দুই দেশের উত্তেজনা অব্যাহত রয়েছে।
পরিস্থিতি প্রশমনে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু গত সপ্তাহে ইস্তাম্বুলে তার বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক স্থবির হয়ে পড়ে। উভয় দেশই একে অপরের প্রতি অবিশ্বাস ও চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে।
বৃহস্পতিবার আলোচনার আরেক দফা বসার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনা ব্যর্থ হলে সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।