জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনির্ভাসিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।
তিনি আরও বলেন, আগামী সংসদ এবং যে সংস্কার পরিষদ গঠন হবে, সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন। এভাবে জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দাওয়া গণভোট, এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে।
আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা তাদের পার্লামেন্টে থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব বলেও জানান তিনি।