ইরানের রাজধানী তেহরানে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছেন যে, শিগগিরই বৃষ্টি না হলে তেহরানের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইরানের সানন্দজ সফরকালে পেজেশকিয়ান বলেন, সরকার অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক সংকট মোকাবেলা করছে। উচ্চ মূল্যস্ফীতির জন্য অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, সংকট কাটাতে পদক্ষেপ নেয়া হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রকল্পগুলো অসম্পূর্ণ রয়ে গেছে।
তীব্র খরা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ভয়াবহ প্রাকৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টিপাত না হলে আগামী মাস থেকে তেহরানে পানি সরবরাহ সীমিত করতে হবে। খরা চলতে থাকলে পানি শেষ হয়ে যাবে এবং শহর খালি করতে হতে পারে।
তেহরানের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট পানি ও জ্বালানির সঠিক ব্যবস্থাপনা এবং পানি সংরক্ষণের ওপর জোর দেন। তেহরানের পানি সরবরাহ পাঁচটি প্রধান বাঁধ লার, মামলু, আমির কবির, তালেকান ও লাতিয়ানের ওপর নির্ভরশীল। এর মধ্যে আমির কবির সবচেয়ে বড়। তবে গত পাঁচ বছরে ইরানে বৃষ্টিপাতের হার ব্যাপক হ্রাস পেয়েছে। চলতি বছর তেহরানে বৃষ্টিপাত মৌসুমি গড়ের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম।