নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় একটি বসতবাড়ি ও দুইটি দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই অপু ভৌমিক।
ডিবি সূত্রে জানা গেছে, সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ও শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় কম্বল মজুদ ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৮ পিস কম্বল জব্দ করা হয়।
নেত্রকোনা ডিবি পুলিশের এসআই অপু ভৌমিক জানান, জব্দ করা এসব কম্বল অবৈধভাবে ভারত থেকে এনে স্থানীয়ভাবে মজুদ করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।