হবিগঞ্জের মাধবপুরের সুন্দাদিল গ্রামে দুধ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে। কয়েকদিন আগে তিনি সুন্দাদিল গ্রামে ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বেনু মিয়া নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে ভেতর থেকে সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুনসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।