ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালীন একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল কমপ্লেক্সে অবস্থিত মসজিদে। খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের দিকে নামাজের খুতবা শুরু হওয়ার পরপরই দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জাকার্তা মহানগর পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানান, এখন পর্যন্ত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পাঠানো বোমা নিষ্ক্রিয়কারী দল মসজিদের কাছ থেকে কিছু খেলনা অস্ত্র উদ্ধার করেছে। তবে বিস্ফোরণের উৎস ও কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা যায়, স্কুল এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং পাশে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। মসজিদের ভবনে বড় কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
পুলিশ বলেছে, বিস্ফোরণের কারণ উদঘাটনে ঘটনাস্থলে তদন্ত চলছে।