হেলিকপ্টারে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে একটি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বুধবার থেকে তিনি চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য এরশাদ উল্লাহকে হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, এরশাদ উল্লাহ বর্তমানে শঙ্কামুক্ত।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনিসহ পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া সন্ত্রাসী হিসেবে পরিচিত সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হন।

অন্যদিকে, এ ঘটনায় র‍্যাব ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল এবং আলা উদ্দিন। তারা উভয়েই এই মামলার এজাহারভুক্ত আসামি।