বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের মিরপুর জোনের এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে। মো. আরিফুল ইসলাম নামের এই সার্জেন্টকে ডিএমপি সদর দপ্তরে (প্রশাসন) সংযুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে মো. আরিফুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এর আগে গতকাল সকালে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তার পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।