ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

৭৫ বছর পূর্তির উৎসবে প্রাক্তন বর্তমানের সম্মিলন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ‘গ্র্যান্ড রি-ইউনিয়ন’ আজ শনিবার। বিভাগটির বর্তমান আর পুরাতন শিক্ষার্থীদের সম্মিলিত উৎসবের দিন। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে নানা কর্মসূচি। দিনভর আড্ডা-গল্প, সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে শেষ হবে উৎসব আয়োজন।

গতকাল বিভাগটির অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৯টায় অপরাজেয় বাংলার সামনে থেকে র‌্যালির মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। র‌্যালিটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থামবে। সাড়ে ৯টায় টিএসসিতে আনুষ্ঠানিকভাবে উৎসবটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী (দীপা)। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য রাখবেন পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল বাছির।

সাড়ে ১১টায় দ্বিতীয় পর্বে থাকবে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান। এ বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ জন শিক্ষার্থীকে প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিশেষ বৃত্তি দেওয়াসহ বিভাগের মোট ৮৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকারী প্রাক্তন ছাত্র সমিতির ১১ সদস্য, এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের ৫৮ জন সন্তান-সন্ততি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বিএ (সম্মান) ও এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।

সাড়ে ৩টায় হবে প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভা। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু। র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।