যুক্তরাষ্ট্রজুড়ে শাটডাউনে (সরকারি অচলাবস্থা) ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এরইমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় দেশটির ৪০টি প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয় বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার (৭ নভেম্বর) দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে ফ্লাইট বাতিল কার্যকর হয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এ নির্দেশনার আওতায় পড়বে না।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শাটডাউনের (সরকারি অচলাবস্থা) জেরে নেওয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের প্রায় ৪ শতাংশ বাতিল করা হয়। প্রাথমিকভাবে ৭০০টি ফ্লাইট বাতিল হয়েছে। যার মধ্যে রয়েছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা, সাউথওয়েস্ট ও ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট। যদি অচলাবস্থা চলতে থাকে আগামী মঙ্গলবার থেকে বাতিলের হার ৬ শতাংশে এবং ১৪ নভেম্বরের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছে এফএএ।
আমেরিকান এয়ারলাইনস জানায়, শুক্রবার ২২০টি ফ্লাইট বাতিলের ফলে প্রায় ১২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশকে বিকল্প ফ্লাইটে নেওয়া হয়।
তবে কোম্পানিটির প্রধান নির্বাহী রবার্ট আইসম জানান, প্রাথমিক কাটছাঁট যাত্রীদের জন্য তেমন বিঘ্ন ঘটাবে না। তবে পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তা সমস্যাজনক হয়ে উঠবে।
ইউনাইটেড এয়ারলাইনস জানায়, শুক্রবার তাদের ১৮৪টি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ১৬৮ ও পরদিন রবিবার ১৫৮টি ফ্লাইট বাতিলের পরিকল্পনা রয়েছে। প্রভাবিত অর্ধেক যাত্রীকে চার ঘণ্টার মধ্যে পুনরায় বুক করা সম্ভব হয়েছে।
পরিবহন সচিব শন ডাফি জানান, শুরুতে শুক্রবার থেকেই ১০ শতাংশ ফ্লাইট কমানোর পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানান, হঠাৎ বড় কাটছাঁট আরও বিঘ্ন ঘটাতে পারে। ফলে ধাপে ধাপে ৪ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় ২৫ হাজার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে। সরকারি শাটডাউন ও বেতনবিহীন কর্মীদের অনুপস্থিতিতে এফএএর সক্ষমতা ক্রমশ কমছে, যা বিমান নিরাপত্তা ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।