অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জের ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উজান কলকিহারা গ্রামে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালকের পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ডাদেশ দেন ।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ওই এলাকার সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০)

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কয়েকদিন আগে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এমন খবরে পেয়ে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সিকান্দার আলী ও আফসার আলী নামে দুইজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড দিয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়।