ইংলিশ প্রিমিয়ার লিগে ১১তম রাউন্ডের ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার্স ও ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়ার পর ৭ মিনিটে মধ্যে দুই গোল করে লিডও নিয়েছিল স্বাগতিক টটেনহ্যাম। যোগকরা সময়ের শুরুতে গোল করে উল্লাসে মেতেছিলেন রিচার্লিসন। তবে পাঁচ মিনিট পরই ম্যানইউকে সমতায় ফেরান মাতিয়াস ডি লিখট। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রতে শেষ হয় ম্যাচ।
ব্রায়ান এমবেউমোর করা গোলে ৩২ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। ম্যাচে বল দখল ও গোলমুখে শট নেওয়ায় স্বাগতিক টটেনহ্যাম এগিয়ে থাকলেও তারা সমতায় ফেরে ৮৪ মিনিটে। ডেসটিনি উডজির ক্রস থেকে গোল করেন মাথিয়াস টেল। যোগকরা সময়ের প্রথম মিনিটে মাথিয়াস ডি লিখটের কারণে কর্নার পায় টটেনহ্যাম।
সেই কর্নারে উইলসনের অ্যাসিস্ট হেডে গোল করেন রিচার্লিসন। গোল উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তবে নাটকের তখনো বাকি। যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে কর্নারে ব্রুনোর অ্যাসিস্ট থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান ডি লিখট। ডাচ এই রাইটব্যাকের ম্যানইউর জার্সিতে এই মৌসুমে এটি প্রথম গোল।