দিনাজপুরে ভিপি নুর

আগামীর বাংলাদেশে দুর্নীতি থাকবে না

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামীর বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন আর দখল থাকবে না। রাজনীতিতে মাফিয়া ও দুর্বৃত্তদের কোনো স্থান হবে না। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর এসব কথা বলেন।

কৃষিপ্রধান দিনাজপুরসহ উত্তরাঞ্চলের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, ‘দিনাজপুরে একটি চিনিকল ছিল আজ সেটি বন্ধ হয়েছে। রংপুরসহ কুষ্টিয়ায় চিনিকল ছিল, আমাদের পাটশিল্প ছিল, কিন্তু বিদেশি ষড়যন্ত্রে দেশকে পঙ্গু করার জন্য এগুলো বন্ধ করা হয়েছে। এই চিনি শিল্পগুলোকে বাঁচাতে বন্ধ কল-কারখানাগুলো আবার চালু করতে হবে। পুনরায় পাট শিল্পগুলোকে চালু করতে হবে। কৃষি-পাটপ্রধান বাংলাদেশ হিসেবে কৃষকের স্বার্থরক্ষায় পরিকল্পিতভাবে কৃষিনীতি প্রণয়ন করতে হবে।

কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের স্বার্থরক্ষার পাশাপাশি এই দেশের শিক্ষিত তরুণদের জন্য কীভাবে নতুন কর্মসংস্থান করা যায়, কীভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা যায়Ñ সেই পরিকল্পনা নিয়েই আমাদের আগাতে হবে।’

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, প্রচার-প্রচারণা সহ-সম্পাদক সোহাগ হোসেন ও ছাত্রঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মামুনুর রশীদ মামুন।