ঢাকায় আজ মৌসুমের সর্বোচ্চ বায়ুদূষণ! ৬ এলাকার পরিস্থিতি ‘মারাত্মক’

দেশে বায়ুদূষণের মাত্রা বর্ষার শেষ থেকেই বাড়তে শুরু করে। পুরো শীত ও শুষ্ক মৌসুম জুড়ে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। আজ রবিবার (৯ নভেম্বর), সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল সোয়া আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২০৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। চলতি শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর এদিনই বায়ুর মান সবচেয়ে খারাপ। রাজধানীর ছয়টি স্থানে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ছিল অনেক বেশি।

আইকিউএয়ার-বায়ুমান সূচক শহরের বাতাসের মান কতটা নির্মল বা দূষিত, তা তাৎক্ষণিকভাবে দেখানোর পাশাপাশি জনসাধারণকে সতর্ক করে।

বায়ুদূষণের তালিকায় শনিবারের মতো রবিবারও শীর্ষে ছিল ভারতের দিল্লি, তাদের স্কোর ৬৮৬। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে পাকিস্তানের লাহোর (৩৪৬) ও কুয়েতের কুয়েত সিটি (২৫৭)।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন তো ঢাকাকেও ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য শহরের দূষণের মাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, আজকের দূষণের মাত্রা চলতি শুষ্ক মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে এটা শুধু শুরু। সামনের দিনগুলোতে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হবে, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, দূষণ রোধে যা করা দরকার, তার কিছুই করা হয়নি-কেবল আলোচনা ছাড়া। এখন দূষণ থেকে বাঁচতে মানুষকেই নিজেদের সচেতন হতে হবে।

রাজধানীর ছয়টি এলাকায় বায়ুদূষণের মাত্রা ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় পৌঁছেছে। এলাকাগুলো হলো- দক্ষিণ পল্লবী (২২৭), আইসিডিডিআরবি (২২৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২১), বেচারাম দেউড়ী (২১৬), কল্যাণপুর (২১০) ও গুলশানের বে’জ এজ ওয়াটার (২০৪)।

বর্তমান বায়ুমান বিবেচনায়, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, শিশু এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত রোগীদের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি। এ অবস্থায় খোলা জায়গায় ব্যায়াম বা শরীরচর্চা না করা, বাড়ির জানালা বন্ধ রাখা উচিত।

বাংলাদেশের মানুষের গড় আয়ু কমার পেছনে সবচেয়ে বড় বাহ্যিক কারণ এখন বায়ুদূষণ। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআই) এর ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই)’-এর ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় সাড়ে পাঁচ বছর কমে যাচ্ছে। এই প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।