বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন: ট্রাম্পের প্রেস সেক্রেটারি

ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’ আখ্যা দিয়েছেন। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ তোলেন।

লেভিট দাবি করেন, যুক্তরাজ্যে সফরকালে বিবিসির সংবাদ দেখতে হলে তার পুরো দিনটাই ‘নষ্ট’ হয়ে যায়। তার ভাষ্য, ‘ব্রিটিশ করদাতাদের জোরপূর্বক এক বামপন্থী প্রচারণা যন্ত্রের বিল মেটাতে হচ্ছে।’

তার এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ব্রিটিশ সংসদ সদস্যরা বিবিসির ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনার ধরন নিয়ে জবাবদিহি দাবি করছেন।

দ্য টেলিগ্রাফে ফাঁস হওয়া এক নথিতে দাবি করা হয়, প্রামাণ্যচিত্রের একটি পর্বে ট্রাম্পের বক্তব্যের দুটি আলাদা অংশ জোড়া লাগানো হয়, যা দর্শকদের ‘সম্পূর্ণ বিভ্রান্ত’ করেছে। এতে দেখা যায়, ট্রাম্প ৬ জানুয়ারির দাঙ্গার আগে সমর্থকদের বলেন, ‘আমরা ক্যাপিটলে যাব, আর তোমাদের লড়াই করতে হবে’। কিন্তু তিনি সেখানে ‘শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে’ কণ্ঠস্বর তোলার যে আহ্বান জানান, তা বাদ দেওয়া হয়।

খবর রয়েছে, বিবিসি এই সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করতে পারে। সংস্থাটির এক মুখপাত্র জানান, সংসদের সংশ্লিষ্ট কমিটিতে চেয়ারম্যান পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানাবেন।

লেভিট তার সাক্ষাৎকারে বলেন, ‘বিবিসির এই মিথ্যা ও বাছাইকৃত সম্পাদনা প্রমাণ করে তারা শতভাগ ভুয়া সংবাদমাধ্যম। ব্রিটিশদের টেলিভিশনে এদের স্থান নেই।’ তিনি আরও অভিযোগ করেন, বিবিসি ট্রাম্প ও তার ইতিবাচক কাজ সম্পর্কে ‘অবিরাম মিথ্যা প্রচার’ চালায়।

ফাঁস হওয়া নথিটি বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকটের একটি মেমোভিত্তিক। প্রেসকট চলতি বছরই পদত্যাগ করেছেন, তাই তিনি নথিটি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

মেমোতে উল্লেখ করা হয়, ‘প্যানোরামার সম্পাদনা দর্শকদের সম্পূর্ণ বিভ্রান্ত করেছে। ট্রাম্প সরাসরি সমর্থকদের লড়াই করতে বলেননি। তাই তার বিরুদ্ধে দাঙ্গা উসকানির অভিযোগ আনা হয়নি।’

নথিতে আরও উঠে আসে, প্রেসকট বিবিসি আরবি সার্ভিসের গাজা যুদ্ধের সংবাদপাঠ ও মূল বিবিসি ওয়েবসাইটের প্রতিবেদনের মধ্যে ‘চোখে পড়ার মতো পার্থক্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এছাড়া, ট্রান্সজেন্ডার ইস্যুতে একপাক্ষিক কভারেজেরও সমালোচনা করেন তিনি।

এ বিষয়ে বিবিসির বক্তব্য, ‘ফাঁস হওয়া নথি নিয়ে আমরা মন্তব্য করি না। তবে সব মতামত ও সমালোচনাই আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। প্রেসকট সাবেক উপদেষ্টা, তার কমিটিতে আমাদের কভারেজ নিয়ে নিয়মিত আলোচনা হয়।’