৩৪ টাকা কেজি দরে ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

আজ রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দেশের চালের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই সংগ্রহ অভিযান পরিচালনার অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে। গত বছরের তুলনায় এবার প্রতি কেজিতে দাম বেড়েছে ৪ টাকা, যা কৃষকদের জন্য উৎসাহব্যঞ্জক বলে মনে করছে খাদ্য মন্ত্রণালয়।

আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান ও চাল সংগ্রহ শুরু হবে এবং এটি চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের সংগ্রহ অভিযান চালের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কৃষক পর্যায়ে সঠিক দাম নিশ্চিত করবে। পাশাপাশি সরকারিভাবে সংগৃহীত চাল পরবর্তীতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি খাদ্য মজুদের জন্য ব্যবহার করা হবে।

নীতিনির্ধারকরা মনে করছেন, সময়মতো সংগ্রহ অভিযান বাস্তবায়িত হলে বাজারে অস্থিরতা তৈরি হবে না, বরং উৎপাদন ও সরবরাহ চেইন উভয় দিকেই ভারসাম্য বজায় থাকবে।