বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে যে সংকটের চিত্র তুলে ধরা হচ্ছে, তার অধিকাংশই কৃত্রিমভাবে তৈরি। তিনি বলেন, যত সংকট দেখানো হচ্ছে, সবই তৈরি করা। দেশের মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়, শান্তিতে থাকতে চায়।
আজ রবিবার (৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।
তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বুঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।
তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।