দশম গ্রেডে বেতন ও তিন দফা দাবিসহ শাহবাগে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিলেও দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কোন কর্মবিরতি কর্মসূচী পালন করছেন না। এর ফলে বিদ্যালয়গুলিতে যথারীতি পাঠদান চলছে খুশি শিক্ষার্থীরা।
অন্যান্য দিনের মত রবিবার সকালে যথাসময়ে বাংলাহিলি ১ মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকরা উপস্থিত হন। এর ফলে যথাসময়ে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হয়েছে চলছে পাঠদান। একইভাবে উপজেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে চলছে পাঠদান। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির কথা বিবেচনা করে শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।
বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি ও শাহবাগে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রবিবার (৯ নভেম্বর) থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিলেও হিলিতে এই কর্মবিরতির কোন প্রভাব নেই। অন্যান্য দিনের মত আমাদের বিদ্যালয় যথাসময়ে খোলা হয়েছে, আমিসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন। আমরা যেহেতু ওই কর্মবিরতির মধ্যে নেই আমি প্রধান শিক্ষক হিসেবে চাইবো যে বিদ্যালয় চলুক নিয়মিত ক্লাস চলুক। আমি সহকারী শিক্ষকদের নিয়ে মতামত পোষণ করেছি তারা যথারীতি ক্লাসে গিয়েছেন শ্রেণি পাঠদান চলছে।