নির্বাচন কমিশন আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।
রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এসময় তিনি ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার পরামর্শ দেন। আখতার আহমেদ স্পষ্ট করেন, কিছু শর্ত পূরণ না হওয়ায় দলটির নিবন্ধন অনুমোদন দেওয়া হয়নি। কোনো প্রার্থী বা রাজনৈতিক দল সংক্ষুব্ধ হলে তারা যেকোনো সময় আইনগতভাবে আবেদন করতে পারবে। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।
সংলাপ প্রসঙ্গে সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই ইসি প্রার্থীদের সংলাপের সময়সূচি ঠিক করবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে সর্বশেষ এই সেবা চালু করা হয়েছে।