স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনার কথা জানিয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হবার সময় তিনি সাংবাদিকদের সাথে আলোচনায় এ ঘোষণা দেন।
তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার।
পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করবো। তবে কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে।
তিনি ভোটার হওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, আমি ভোটার হওয়ার পর দু'টি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।
রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি দাবি করেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটি আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেবো।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সমানভাবেই এগিয়ে চলছে।