মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন সমুদ্রে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে ও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ রবিবার (৯ নভেম্বর) নিশ্চিত করেছে, এ পর্যন্ত ১০ জনকে জীবিত ও একজন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ ও পেরলিস অঙ্গরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মোস্তফা জানান, নৌকাডুবির ঘটনাটি তিন দিন আগে ঘটেছে। নৌকাটি মিয়ানমারের বুথিডং এলাকা থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।
কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজলি আবু শাহ গণমাধ্যম বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মালয়েশিয়াগামী অভিবাসীদের প্রথমে একটি বড় নৌকায় তোলা হয়েছিল। কিন্তু সীমান্তের কাছে পৌঁছালে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক নৌকায় প্রায় ১০০ জন করে ছিল।
উদ্ধারকৃতদের তালিকায় রয়েছেন তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা পুরুষ ও একজন বাংলাদেশি নাগরিক। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে সরকার কর্তৃক ‘বৈধ অভিবাসী’ হিসেবে অস্বীকৃতি দেওয়া হয় এবং তারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার।
বর্তমানে মালয়েশিয়া ও থাইল্যান্ডের উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে অশান্ত সমুদ্র ও খারাপ আবহাওয়া উদ্ধার কাজকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।