গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে সরকার দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেভাবে কাজ করার দরকার ছিল, তারা সেভাবে কাজ করতে পারছে না।
রাশেদ খান আরও বলেন, পুলিশের মধ্যে ভয় কাজ করছে। কোনো জায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। এ অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচন হবে সবচেয়ে সাংঘর্ষিক নির্বাচন।
তিনি সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোকে বাধাহীনভাবে সভা-সমাবেশ ও গণসংযোগ করার সুযোগ দেওয়ার দাবি জানান। গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ড. ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তবে এখন পর্যন্ত সে পরিবেশ দেখা যাচ্ছে না। সব দলকে ডেকে আলোচনা করে নির্বাচনী পরিবেশ ভালো করার উদ্যোগ নিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদ ও অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দ।