ধর্মীয় অনুভূতিতে আঘাত 

হবিগঞ্জে কলেজছাত্রীকে জেল হাজতে প্রেরণ 

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেয়ার অভিযোগে আটক ফাবিয়া বেগম (১৯) কে কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ তাকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-২ আদালতে সোপর্দ করে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জিআরও  সুবোধ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে করে বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান,আটক ফাবিয়ার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। আপতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার কুটিরগাও নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের জনৈক জুয়েল মিয়ার মেয়ে ও স্থানীয় জহুর চান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান ,  তার ফেসবুক   একাউন্ট ‘sara suzon’ থেকে রাসুল (সা)  কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।