টানা ৮ বলে ছক্কা হাঁকিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড আকাশের

ক্রিজে গিয়ে প্রথম বল দিলেন ডট। পরের দুই বলে নিলেন ২ রান। এরপর ঝড় তুললেন মেঘালয়ের হয়ে খেলা আকাশ চৌধুরী। টানা ৮ বলে ৮টি ছক্কা মারেন। মাত্র ১১ বলে ফিফটি করে গড়লেন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। টানা ৮ বলে ছক্কা মারার ঘটনাও এই প্রথম।

রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে এমব কীর্তি গড়েন মেঘালয়ের ৮ নম্বর ব্যাটার আকাশ।

ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবির ৬ বলে ৬ ছক্কা মারেন আকাশ। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারা তৃতীয় ব্যাটার তিনি। এর আগে ভারতের রবি শাস্ত্রি ও ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্সের আছে এই কীর্তি। দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর টানা ৬ ছক্কা মেরেছেন, তবে দুই ওভার মিলিয়ে। টানা ৮ ছক্কায় আকাশই প্রথম।

প্রথম শ্রেণির ইতিহাসে এটি দ্রুততম ফিফটিরও রেকর্ড। ২০১২ সালে কাউন্টি ক্রিকেটে ১২ বলে ফিফটি করেছিলেন লেস্টারশায়ারের ওয়েন নাইট।

আকাশের এই ইনিংসে কীর্তি আরও আছে। ব্যাটিংয়ে নামার পর ফিফটি করেছেন মাত্র ৯ মিনিটে। সময়ের হিসেবে এটি অবশ্য দুই নম্বরে। ১৯৬৫ সালে ১৩ বলে ফিফটি করার পথে ৮ মিনিটে মাইলফলক ছুঁয়েছিলেন লেস্টারশায়ারেরই ক্লাইভ ইনম্যান।

ফিফটি ছোঁয়ার পরের তিন বল ডট খেলেন আকাশ। মেঘালয় ৬ উইকেটে ৬২৮ রানে তাদের ইনিংস ঘোষণা করলে আকাশ ১৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ ৭৩ রানে অলআউট হয়। চৌধুরী নেন ১ উইকেট। ফলোয়নে পড়ে আবার ব্যাটি করা অরুণাচল দিন শেষ করে ৩ উইকেটে ২৯ রানে। এই ইনিংসে তিন উইকেটের দুটি নিয়েছেন আকাশ চৌধুরী।

২৫ বছরের আকাশ চৌধুরীর প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ৩২তম ম্যাচ। ৩১ ম্যাচে তার ৫০৩, উইকেট ৮৭টি। আগের ম্যাচে বিহারের বিপক্ষে অপরাজিত ৬০ রান করেছিলেন ৬২ বলে, সেই ইনিংসে চারটি ছক্কা মেরেছিলেন। এছাড়া লিস্ট এতে ২৮ ম্যাচ ও ৩০ টি-টোয়েন্টি খেলেছেন আকাশ।